হাতে খুব বেশি সময় নেই ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রায় সব দলই ঘোষণা করে দিয়েছে তাদের স্কোয়াড। গত ২৯ মে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও ঘোষণা করেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড। দল ঘোষণা করলেও অবশ্য স্বস্তিতে নেই আলবিসেলেস্তেরা। গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস।
অভিজ্ঞ মিডফিল্ডারের এই চোটে নিশ্চিতভাবেই বিপদে পড়েছে আর্জেন্টিনা। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে তিনি দারুণ ভূমিকা রেখেছিলেন মাঝমাঠে।
হ্যামস্ট্রিং চোটের কারণে আপাতত বিশ্বকাপের আগে হতে যাওয়া দুটি প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না তার। এমনকি শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়েও’
সপ্তাহ তিনেক সময় লাগতে পারে পারেদেসের, এমনটা জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালো। আর এমনটা হলে ফলে আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।
নিজের এক্স অ্যাকাউন্টে সেই আর্জেন্টাইন সাংবাদিক লিখেছেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে পারেদেসের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জাতীয় দলের প্রতি ভালোবাসা এবং ম্যাচের গুরুত্বের কারণে সে চোট নিয়েই খেলেছে। ফলে সে প্রস্তুতি ম্যাচগুলো মিস করবে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে।’
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তবে পারেদেসের সম্ভাব্য পুনর্বাসন সময় বিবেচনায় নিলে সেই ম্যাচে তার উপস্থিতি সময়ের হাতেই ছেড়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।

0 মন্তব্যসমূহ